‘সুনাম-দুর্নাম’ আপনাদের কাজের ওপর নির্ভর করে: এসআইদের ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশে কর্মরত এসআইদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সেবাদানে আপনাদের (এসআই) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ডিএমপিতে কর্মরত এসআইদের ব্রিফিং সেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে এসময় ডিএমপি কমিশনার বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করতে বিশেষ নজর দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে।