চীনের ওপর আরো ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধে ইতোমধ্যেই ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার চীনের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেছেন, ‘চীন যদি তাদের দীর্ঘমেয়াদি বাণিজ্য অপব্যবহারের ওপর ৩৪ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ৮ এপ্রিলের মধ্যে প্রত্যাহার না করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ৯ এপ্রিল থেকে চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, অতিরিক্ত শুল্ক হার বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
ট্রাম্প আরো বলেন, শুধু অতিরিক্ত শুল্ক আরোপেই শেয় নয়, আমাদের সাথে চীনের অনুরোধকৃত বৈঠক সম্পর্কিত সকল আলোচনা বাতিল করা হবে! অন্যান্য দেশ, যারা বৈঠকের অনুরোধ করেছে, তাদের সাথে আলোচনা খুব দ্রুত শুরু হবে।’
গত বুধবার ট্রাম্প ১৮০টিরও বেশি দেশের উপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এ সময় চীনের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
এর প্রেক্ষিতে চীন পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমস্ত আমদানির উপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে, যা ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে দেখা হয়।
সূত্র : আনাদোলু