বিমান দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট তৌকিরের পরিবারের পাশে তারেক রহমান
বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান তারা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ।