তারেক রহমান অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার কথা ভাবছেন: খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত অর্থনীতির কথা ভাবছেন। অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার কথা ভাবছেন। অর্থনীতিতে কোন দখলদারত্ব চলবে না।’

বুধবার (২৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘অর্থনীতিকে মুক্ত রাখতে হবে যাতে করে সব মানুষ সুযোগ নিতে পারে। আগামী দিনে তারেক রহমানের ভিশন হচ্ছে ক্রিয়েটিভ ইকোনোমিক।’

তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলগতভাবে মুক্ত অর্থনীতি নিয়ে ভাবছেন। রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি অর্থনীতিতেও মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার কথা ভাবছেন। অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারিত্ব কোনোটাই চলবে না। রাজনীতির মতো ব্যবসায়িক ক্ষেত্রেও লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ থাকবে। কোনো ধরনের বাধা সেখানে থাকবে না। আগামী দিনে ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করা হবে। এজন্য প্রয়োজনীয় সব ধরনের আইন পরিবর্তন করা হবে।

তিনি আরও বলেন, সরকারের কাজ হচ্ছে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে ফেসিলিটেড করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু বিগত দিনে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে অর্থনীতি তুলে দেওয়া হয়েছিল। এই লুটেরারেরা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থপাচার করেছে, বাংলাদেশে যত মেগা প্রজেক্ট সেগুলোর মাধ্যমে লুট করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া মুক্ত বাজার অর্থনীতি থেকে সরে গিয়ে তাদের কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছিল। সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে থাকবে রাজনৈতিক শক্তিও তার কাছে। এ জন্য জিয়াউর রহমান অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছেন। শুধু রাজনীতিতে গণতন্ত্রায়য়ন আনলে মানুষের মুক্তি হবে না। শুধু রাজনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না। অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে। অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে।

আমীর খসরু বলেন, সরকারি কর্মকর্তাদের দৌরাত্ম্যে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয় সেখান থেকে তাদের বের করে নিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে। কারণ অর্থনীতির চালিকাশক্তি হলো ব্যবসায়ীরা। গত দেড় দশকে মুক্ত অর্থনীতির পরিবেশে কেউ কাজ করতে পারেনি। দেশের অর্থনীতি এখন গর্তের কিনারে আছে। গর্তের কিনার থেকে অর্থনীতিকে বের করে আনতে হলে ব্যবসায়ীদের সমর্থন দরকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.