ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য যা যা দরকার, বিএনপি তা করে থাকে: আলতাফ হোসেন চৌধুরী
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি মুখে ইসলামিক দল বলে না, বাস্তবে সর্বকঠিন ইসলামিক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য যা যা দরকার, বিএনপি তা করে থাকে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় পটুয়াখালী ব্যায়ামাগার চত্বরে ৫ হাজার ৩০০ পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে অনেক সময় লাগবে। সেই ধারাবাহিকতায় এখন পটুয়াখালীতে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় সেতু ও ইপিজেড নির্মিত হচ্ছে।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, আল্লাহ যদি বিএনপিকে আবার ক্ষমতায় আসার সুযোগ দেন, তাহলে পটুয়াখালীতে একটি পুরুষ ও একটি নারী দুইটি পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করবো। উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ দুইটি ধারণ করেই বিএনপি রাজনীতি করে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পানা এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।